কচুয়ার ১২ ইউনিয়নে করোনার গণটিকা প্রদান সম্পন্ন

আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে ১৮ হাজার জনকে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শেষ হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল থেকে কচুয়া উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ১ হাজার ৫শ’ জন করে করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ৮টি ইউনিয়নে করোনার টিকা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে গোহট উত্তর ইউনিয়ন পরিষদের পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে ৩টি ওয়ার্ডের করোনার টিকা দেওয়া হয়।
এসময় টিকা কার্যক্রমে সহযোগিতা করেন ওই ইউপির চেয়ারম্যান মোহাম্মদ কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমিন উদ্দিন, পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন বিএসসি প্রমুখ।
ইউপি চেয়ারম্যান কবির হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন সকাল থেকে টিকা গ্রহণকারীদের লাইন ধরে দাঁড়িয়ে টিকা গ্রহণে সহযোগিতা প্রদান করেন। এসময় সেবাগ্রহীতারা গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষকে সুস্থ রাখতে টিকাদান কার্যক্রম চালু করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

৩১ অক্টোবর, ২০২১।