কচুয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচলে প্রাণহানির শঙ্কা

বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

ফয়সাল আহমেদ
কচুয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডজনখানেক ব্রিজ অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের শুয়ারুল বাজারের উত্তর পাশে ব্রিজ, পাথৈর ইউনিয়নের মধুপুর বাজার সংলগ্ন মধুপুর ব্রিজ, বারৈয়ারা হয়ে তারিনি যাওয়ার পথে মধ্যস্থলের ব্রিজ, বিতারা ইউনিয়নের উত্তর মাঝিগাছা ব্রিজ (যা হরিপুর ব্রিজ নামে পরিচিত), মাঝিগাছা বাজারের পশ্চিম পাশে ইউনিয়নের পরিষদ ভবনের পাশের ব্রিজ, বিতারা বাজার সংলগ্ন বিতারা ব্রিজ, বুধুন্ডা ও মাঝিগাছরা মধ্যেস্থলে ব্রিজসহ আরো কয়েকটি ব্রিজের এমন বেহাল দশা। কোনো-কোনো ব্রিজের নেই রেলিং, কোনটির আবার মাঝের অংশ খসে পড়ে গেছে কয়েক বছর আগেই। স্থানীয়দের সহযোগিতায় অস্থায়ীভাবে কাঠের পাটাতন দিয়ে চলছে কোনরকম হালকা যানবাহন। জীবনের ঝুঁকি নিয়ে এসব ব্রিজ দিয়ে কয়েক গ্রামের হাজার হাজার মানুষসহ ছোট-বড় অনেক যান চলাচল করে। এতে যে কোন মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা।
স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি সাথে কথা বলে জানা যায়, এসব ব্রিজ দীর্ঘদিন যাবৎ সংস্কার না করার কারণে এখন ব্রিজগুলো প্রায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি ছোট-খাট দুর্ঘটনাও ঘটেছে। অতি তাড়াতাড়ি সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানির শঙ্কা রয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, এই অতি ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো যাতে দ্রুত ভেঙ্গে পূনঃনির্মাণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলিম লিটন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং গুরুত্বের সাথে দেখছি। নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিজের ভূমিকা অপরিসীম। তাই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

২৩ অক্টোবর, ২০২২।