মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অপরাধে মো. শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত তাকে আটক করা হয়। শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ।
আটক যুবক মো. শিহাব উদ্দিন উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের মল্লিক বাড়ির বিল্লাল হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর কুরুচিপূর্ণ তথ্য প্রচার এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অপরাধে বৃহস্পতিবার রাতে মো. শিহাব উদ্দিনকে আটক করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোস্তাক আহমেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
২০ অক্টোবর, ২০২২।
