আহসান হাবীব সুমন
কচুয়া সাজিরপাড় গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাত দল ৩ লাখ টাকা, সাড়ে ১২ ভড়ি স্বর্ণালংকার, ৪টি মোবাইল এবং একটি
হ্যান্ড চার্জলাইট লুট করে নিয়ে যায়। এসময় তাদের হামলায় বাড়ির মালিক, অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জন আহত হয়েছে। কচুয়া-সাচার সড়ক সংলগ্ন সাজিরপাড় গ্রামের হাজি রফিকুল ইসলামের বাড়িতে গত মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে ঐ দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ২০/২৫ জনের মুখোশধারী একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই গ্রামের হাজি রফিকুল ইসলামের বাড়ির পিছনের কলাপছিবল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়ির মালিকসহ সবাইকে বেঁধে ফেলে। তারা অস্ত্রের মুখে বাড়ির বাসিন্দাদের জিম্মি করে আলমারিতে থাকা নগদ ৩ লাখ টাকা, আনুমানিক সাড়ে ১২ বড়ি স্বর্ণালংকার, ৪টি মোবাইল এবং একটি হ্যান্ড চার্জলাইট লুট করে। এ সময় খাটের নিচে লুকিয়ে থাকা ওই বাড়ির মালিকের মেয়ে শিউলি আক্তার মুঠোফোনে পাশের বাড়ির লোকজনদের জানালে তাদের ডাক-চিৎকারে ডাকাত দল পালিয়ে যায়।
ডাকাত দল বাড়ির মালিক হাজি রফিকুল ইসলাম, তার স্ত্রী নাসিমা বেগম ও অন্তঃসত্ত্বা মেয়ে ফারজানা আক্তারকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে বলে বাড়ির মালিক হাজী রফিকুল ইসলাম জানিয়েছেন।
খবর পেয়ে গতকাল বুধবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ রউফ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মুহাম্মদ মহিউদ্দিন বলেন, তদন্ত চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
৭ জানুয়ারি, ২০২১।
