কচুয়ায় প্রাইভেট মাস্টার জেলহাজতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কচুয়া ব্যুরো
কচুয়ায় প্রাইভেট মাস্টারকে মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার পাথৈর ইউনিয়নে আটোমোর গ্রামে এ বিক্ষোভ মিছিল করেছে এলবাকাবাসী।
স্থানীয়রা জানান, আটোমোর গ্রামের মফিজুল ইসলামের ছেলে এলএলবি শেষ বর্ষের ছাত্র ফখরুদ্দিন একই গ্রামের প্রবাসী জানে আলমের নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়াতো। দু’পরিবারের লোকজন জানায়, প্রাইভেট পড়ানোর একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে স্কুল পড়ুয়া মেয়েকে হাজীগঞ্জ পৌরসভায় বসবাসকারী তাঁর বড় বোন নারগিস আক্তাররের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ১৪ অক্টোবর বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রাইভেট মাস্টার ফখরুদ্দিন ও তার মা রহিমা বেগমকে হাজিগঞ্জ স্কুল পড়ুয়া মেয়ের বড় বোন নারগিস আক্তাররের বাসায় গেলে একপর্যায়ে প্রাইভেট মাস্টার ফখরুদ্দিনকে মারধর করে হাজিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। নারগিস আক্তার বাদী হয়ে ফখরুদ্দিনকে বিবাদী করে শিশু ও নারী নির্যাতনের মামলা দায়ের করে।
এ ঘটনায় রোববার সুষ্ঠ তদন্তের জন্য কচুয়া থানার এসএসআই রাহাদ ঘটনাস্থলে পৌঁছলে এলাকাবাসী জড়ো হয়ে ফখরুদ্দিনকে নির্দোষ দাবি করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে ওই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য বাবুল মিয়া জানান, আমার জানামতে ফখরুদ্দিন ভালো ছেলে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হাজীগঞ্জ নিয়ে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আমরা এলকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।