কচুয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

কচুয়া ব্যুরো
কচুয়ায় বজ্রপাতে মিল্লাদ হোসেন (৩১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে মিল্লাদ হোসেন সকাল ১০টায় বাড়ির পাশে জমিতে ধানের চারা রোপণ করতে যায়। এসময় আকস্মিক বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে সজ্ঞাহীন অবস্থায় মিল্লাদ হোসেনকে পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মিল্লাদ হোসেনের বাবা মোস্তফা কামাল জানান, গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির মধ্য দিয়ে মিল্লাদ বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যায়। কিছুক্ষণ পরে আমি জমিতে গিয়ে দেখি মিল্লাদ জমিতে পড়ে রয়েছে। আমার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে মিল্লাদকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

৩১ মে, ২০২২।