মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে স্প্রীডবোট ছিনতাই মামলায় জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজীর জামিন নামঞ্জুর করে ৪ আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার (৩০ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইনের আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আটকরা হলো- মামলার ১ নম্বর আসামি জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী, ৪ নম্বর আসামি ইউপি সদস্য কাজল মেম্বার, ৫ নম্বর আসামি শফিক ও ১২ নম্বর আসামি গাজী নাজমুল। এ মামলায় ৩ জন আসামি জামিনে রয়েছে এবং বাকি ৫ আসামি পলাতক রয়েছে বলে জানা যায়।
জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই বিকেল ৪ টায় মেঘনা নদী হতে স্পীডবোট এসপিবি মেহেরীমা (এম ০১- ৩০১৮) জহিরাবাদ ইউপির চেয়ারম্যান সেলিম তার বাড়ির সামনে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে স্পীডবোট নিয়ে যাওয়ার ঘটনায় বিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে যান সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ও মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
তখন স্পীডবোটটি থানা পুলিশ জব্দ করতে চাইলে সেলিম চেয়ারম্যান পুলিশকে বাঁধা প্রদান করেন। স্পীডবোট না পেয়ে স্পীটবোর্ডের মালিক কাজী মতিন থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিমের বাড়ির সামনে থেকে স্পীটবোটটি উদ্ধার করেন।
স্পীডবোট ছিনতাই ঘটনায় কাজী মতিন বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলার ৪ জন আসামি গতকাল চাঁদপুর আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
৩১ মে, ২০২২।
