
কচুয়া ব্যুরো
‘বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’ এ স্লোগানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কচুয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলায় কর্মরত সব বীমা কোম্পানীর কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে ইউএনও’র নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ। এসময় তিনি প্রান্তিক জনগণের দোরগোড়ায় বীমার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দেয়ার জন্য বীমা কর্মীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, সনতোষ চন্দ্র সেন, আল-বারাকা ইসলামী বীমার অতিরিক্ত প্রকল্প পরিচালক সোলাইমান মিয়াজী, সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর এএমডি গাজী মো. ইয়াসিন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর সার্ভিস সেল ইনচার্জ মাও. আবুল হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
