কচুয়ায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আহসান হাবীব সুমন
কচুয়ায় আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে সম্প্রতি টিভির টকশোতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু ১৫ আগস্ট নিয়ে কটূক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি কচুয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অচিরেই শামছুজ্জামান দুদুকে গ্রেফতার করে তার ফাঁসির দাবি জানান।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবির হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহাল প্রধান জালাল, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।
এসময় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২২ সেপ্টেম্বর, ২০১৯।