স্টাফ রিপোর্টার :
কচুয়া উপজেলা সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার ঘটনায় দু’পক্ষের ৮ জন আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার সাচার ইউনিয়নের শুয়ারুল গ্রামের দাস বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, দাস বাড়ির মৃত শম্ভু চরন দাসের ছেলে প্রাণনাথ দাস তার বাড়িতে বসতঘর তুলতে গেলে পার্শ্ববর্তী বাড়ির মৃত ধুনু মিয়ার ছেলে মতিন মিয়া দলবল নিয়ে কাজে বাধা প্রদান করে। এসময় দু’পক্ষে বাকবিত-া থেকে সংঘর্ষ বেধে যায়। এতে প্রাণনাথের পক্ষের তিন বছরের শিশুসহ ৬জন ও অপরপক্ষ ধুনু মিয়ার ছেলে মতিন মিয়া গুরুতর আহত হয়।
আহতরা হল- সেবা দাসের স্ত্রী সীমা রানী দাস, সীমা রানীর তিন বছরের শিশু কন্যা প্রিয়ন্ত রানী দাস, বীরলাল দাসের স্ত্রী হিরনী রানী দাস, দীননাথ দাসের স্ত্রী বুলবুলি রানী দাস, দীন নাথ দাস, সেবা দাস, মিস্ত্রি বাবুল ও লিটন দাস এবং প্রতিপক্ষ ধনু মিয়ার ছেলে মতিন মিয়া। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
প্রাণনাথ জানান, ৫নং শুয়ারুল মৌজার সিএস ৬৪ ও আরএস ৬২ খতিয়ানে আমার পৈত্রিক ভূমি ৪৭ শতাংশ তাদের মামলা করে রায় পাই। এ ঘটনায় প্রাণনাথের পক্ষে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে প্রতিপক্ষ কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন মতিন মিয়া জানান, এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। প্রাণনাথ জোরপূর্বকভাবে ঘর তুলতে গেল আমরা বাধা প্রদান করি।
এ ব্যাপারে কচুয়া থানার (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, সম্পত্তিগত বিরোধের জের ধরে দু’পক্ষের হামলার সংবাদটি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
