কচুয়া বিতারায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মাছের প্রকল্পে

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীর হোসেনের মাছের প্রকল্পে বিষ প্রয়োগে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নবীর হোসেন বাদী হয়ে রোববার (৩ মে) কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন পুকুরটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীর হোসেন ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করেন। লিজ নেয়ার পর থেকে পুকুরে রুই, কাতলা, ব্রিগেড, কার্পোসহ কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। গত শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করলে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে।
রোববার সকালে নবীর হোসেন কচুয়া থানায় একই গ্রামের হারুনুর রশিদ, গোফরান হোসেন, মোহাম্মদ হোসেন ও সাইফুল ইসলামসহ কয়েকজন বিলের পানি সরানো সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মাছ নিধনের এ ঘটনা ঘটাতে পারে বলে লিখিত অভিযোগে দায়ের করেন। তবে হারুনুর রশিদ গংরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার।
এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। নবীর হোসেনের অভিযোগের প্রেক্ষিতে রোববার বিকালে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

০৫ মে, ২০২০।