কিছু আলেম শান্তির বাণীকে অপব্যাখা করে বিভ্রান্তি ছড়াচ্ছে ……মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ইসলাম শান্তি ধর্ম। যুগে যুগে ইসলামের শান্তি বাণী প্রচার করছেন আলেম ওলামারা। যার মাধ্যমে মানুষ সঠিক পথে ও ধর্মের পথে এসেছে। কিন্তু ইদানিং আমাদের কিছু আলেম শান্তির এই বাণীকে নানাভাবে ব্যাখা করার মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। একটি চক্র ইসলামের নামে আমাদের দেশের ক্ষতি করার অহরহ চেষ্টা করছে। জঙ্গি হিসেবে তারা নিজেদের ক্ষতি করছে এবং দেশের ক্ষতি করার চেষ্টা করছে। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকা হারাম আড়াইশ’ নারীকে ধর্ষণ করে রাস্তায় ফেলে রাখার ঘটনা আমাদের সেই ইঙ্গিত দিচ্ছে। আমরা আলেম-ওলামাদের কাছ থেকে আল্লাহ্র নৈকট্য পাওয়ার জন্য এবং আমাদের জীবনকে কিভাবে সুন্দরভাবে পরিচালিত করবো তার উপদেশ নিবো। সেটাই হওয়া উচিত। তাই আলেমদের কাছে অনুরোধ বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হোন। সরকার ইতোমধ্যেই এসব বিষয় নজরদারীতে এনেছে, ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত শুক্রবার রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে মৌলভী আইউব আলী স্মৃতি সংসদ আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
আয়োজক কমিটির মো. শরীফ হোসেন খানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব, আওয়ামী লীগ নেতা খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।
মাহফিলে ঢাকা কোরআন গবেষণা ফাউন্ডেশনের গবেষক মাও. মুফতি আব্দুর রহিম হেলালী ওয়াজ করেন।