হাজীগঞ্জের ব্যাংক কর্মকর্তা দুই মেয়েসহ নিহত

চট্টগ্রামে প্রাইভেট কার ও লরির সংঘর্ষে

মোহাম্মদ হাবীব উল্যাহ্
চট্টগ্রামে প্রাইভেট কার ও লরির সংঘর্ষে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক, হাজীগঞ্জের বাসিন্দা মো. সাইফুজ্জামান (৫০) ও তার দুই মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসমিন জামান খান (১১) সহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী কনিকা আক্তার (৪০) ও ছেলে মন্টু (১০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সাইফুজ্জামান হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি তার পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। গতকাল শনিবার সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট-বন্দর বাইপাস সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সাইফুজ্জামানের দুই মেয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ জানান, নিহত সাইফুজ্জামান নর্থ-সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড.এস.এম মোস্তফা কামাল খানের ছোট ভাই এবং তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি সপরিবারে চট্টগ্রামে গিয়েছিলেন।
তিনি বলেন, শনিবার সকালে সাইফুজ্জামান সপরিবারে প্রাইভেট কারযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে ফৌজদারহাট এলাকায় একটি লরি প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাইফুজ্জামানের দুই মেয়ে নিহত হয়। পরে আহত অবস্থায় সাইফুজ্জামান-কনিকা দম্পতি ও তার ছেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাইফুজ্জামান মারা যান।