ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এবং একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত লায়ন মো. হারুনুর রশিদ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখীল গ্রামে সাবেক এমপির নিজ বাড়ির মাদ্রাসার সামনে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে লায়ন হারুন বলেন, আমরা যারা বিএনপির করি তাদের কাছে এই মুহূর্তে একটাই উদ্দেশ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসা। আর এই উদ্দেশ্যের সফল বাস্তবায়ন করতে হলে একাদশ সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা। সেক্ষেত্রে দল আমাকে মূল্যায়িত করলো কি করলো না তা নিয়ে হয়তবা নেতা-কর্মীদের দুঃখবোধ থাকতে পারে। কিন্তু আমি মনে করি আমাদের সব দুঃখবোধ ভুলে গিয়ে এবং ভেদাভেদ ভুলে গিয়ে দলের স্বার্থে ধানের শীষের পক্ষে দাঁড়াতে হবে। প্রতিটি নেতাকর্মীকে আজ থেকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি আরো বলেন, সরকার বিএনপির প্রতি যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তাতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এর থেকে উত্তোরণের জন্য দল আন্দোলনে রয়েছে। নির্বাচনকে আন্দোলনের ক্ষেত্র হিসেবে নিয়ে আসুন সকলে মিলে ফরিদগঞ্জসহ দেশের প্রতিটি এলাকায় ধানের শীষের বিজয় নিশ্চিত করে আন্দোলনে জয়ী হই। মোটকথা খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ধানের শীষকে জয়ী করা আমাদের আদর্শিক দায়িত্ব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ফেরদৌস পাটওয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, সাবেক ভিপি জাকির পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান বাছির আহাম্মদ, যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
