দেশে গণতন্ত্র ফিরিয়ে দিলে এত রাহাজানি থাকত না
…..আলহাজ এম এ হান্নান
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে দিলে এত রাহাজানি, এত হানাহানি থাকত না। দেশে যেভাবে চুরি-ছিনতাই দুর্নীতি যা কিছুই খারাপ হচ্ছে তার সবকিছুর মূলেই দেশে গণতন্ত্র না থাকার কারণ। ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠন প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এম এ হান্নান উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি বিএনপির দিকনির্দেশনামূলক বক্তৃতায় বলেন, ফরিদগঞ্জের বিএনপিতে গত প্রায় একযুগ কোন গণতন্ত্র ছিল না। এই উপজেলায় গত এক যুগ বিএনপির দলীয় কর্মকাণ্ড এক ব্যক্তির অধীনে সীমাবদ্ধ ছিল। সেই ব্যক্তি যা চাইতেন তাই হত, কিন্তু বর্তমানে সেটা নেই। এ বছরের প্রথম দিকে এই উপজেলায় একটি ভালো নতুন কমিটি হওয়ার কারণে বর্তমানে এই উপজেলার বিএনপিতে গণতন্ত্র ফিরে এসেছে। এখন যার যার নিজস্ব মতামত পেশ করার ক্ষমতা রয়েছে। এখন আর এখানে পকেট কমিটি হয় না। উপজেলা বিএনপির মধ্যে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির হাইকমান্ডের নির্দেশে এখানে আমি প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছি।
মঞ্চে উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, বর্তমান দলীয় কর্মকাণ্ড নিয়ে আপনাদের স্বাধীন মতামত পেশ করার ক্ষমতা এখানে আছে। এই উপজেলায় বিএনপির মধ্যে কারও একক আধিপত্য চলবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি দল থেকে প্রায় ১০ বছর বহিষ্কৃত ছিলাম। কিন্তু কখনো দলে বিভাজন সৃষ্টি করার চিন্তা করি না। মনের কষ্ট মনে রেখে দলের লোকদের উজ্জীবিত রাখতে অনেক শ্রম দিয়েছি। অর্থ খরচ করেছি। দীর্ঘদিনের শ্রমের বিনিময়ে দলকে এখন একটি শক্তিশালী অবস্থানে ফিরিয়ে এনেছি। এই মুহূর্তে যদি কোন ব্যক্তি দলের এই গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তাহলে তাকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক নেছার আহমেদ রাজুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মো. ফারুক আহমেদ খান, প্রচার সম্পাদক মো. মাসুদ আলম, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুকিত মোল্লা, যুবদলের নেতা মিজানুর রহমান, আব্দুল কাদের, মো. ফয়েজ, ছাত্রদলের নেতা শাকিল, খোশনুরসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন ৬নং গুপ্টি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস গাজী, ৩নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন, ৭নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, ৫নং গুপ্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. বশির উল্লাহ পাটোয়ারী, ৩নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াসিন, রফিক ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মহাসিন ভূঞা, সহ-সভাপতি মোমাজ্জেদ, যুব দলের নেতা রাব্বি, কাউসার, সালে আহমদ জমাদার, শামসুদ্দীন রাজা, বিল্লাল ভূঁইয়া, কবির জমাদ্দার, বিল্লাল গাজী, ছাত্রদলের নেতা রিফাত, রাসেল, নাহিদ পাটোয়ারী, কাওছার প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাও. মনির হোসেন।
১৬ নভেম্বর, ২০২০।
