হাজীগঞ্জে আরো ২টি ড্রেজার জব্দ, দেড় লাখ টাকা জরিমানা
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আবারো কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে পুলিশের সহযোগিতায় আরো দুইটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় ড্রেজার মালিক নুমান মিজি ও স্বপন মজুমদারকে
দেড় লাখ টাকা জরিমানা করেন তিনি।
রোববার (১৮ জুলাই) বিকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের খোদাই বিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানাপ্রাপ্তরা হলেন- ওই ইউনিয়নের ছিলাচোঁ গ্রামের আবু তাহের মিজির ছেলে ড্রেজার ব্যবসায়ী নুমান মিজি ও একই গ্রামের আলী আহম্মদ মজুমদারের ছেলে ড্রেজার ব্যবসায়ী স্বপন মজুমদার।
এদিকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলনের অপরাধে গত ১৮ দিনে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযানে মোট ৬টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ ও ৪ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫ (১) ও ১৫ (১) ধারা অনুযায়ী এই জরিমানা ও ড্রেজার মেশিনগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত লোকজনকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ ও নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে একই অভিযোগে গত ১৫ জুলাই বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই গ্রামের মজুমদার বাড়ির মো. মুনাব্বর মজুমদারের ছেলে ড্রেজার ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন মজুমদার ও কৃষি জমির মালিক একই গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে মর্জিনা আক্তারকে ৫০ হাজার করে দুইজনকে মোট ১ লাখ টাকা জরিমানা এবং ড্রেজার মেশিনটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
গত ১৪ জুলাই দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই গ্রামের মৃত মাহমুদুল হাসানের ছেলে ড্রেজার মালিক ও ব্যবসায়ী মো. আব্দুল্লাহ্ আল নোমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও জ্রেজার মেশিনটি জব্দ করেন তিনি।
গত ১৩ জুলাই বিকালে একই অপরাধে হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের হারুনুর রশিদের ছেলে ড্রেজারের মালিক খন্দকার আরিফকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিনটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
এছাড়া গত ৭ জুলাই বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজারের মালিক শরিফুল ইসলাম ও জমির মালিক মো. সেলিমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং ড্রেজার মেশিনটি জব্দ করেন তিনি।
১৯ জুলাই, ২০২১।
