চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর মজুমদার (৩২) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে ১১টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় সিএনজি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির মরন চন্দ্র মজুমদারের ছেলে কিশোর মজুমদার ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়। সে সিএনজি স্কুটারে উঠে চাঁদপুর লঞ্চঘাট যাওয়ার পথে মহামায়া পূর্ব বাজার ব্রিজের সামনে আসলে একটি কুকুর সিএনজির সামনে পরে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে গেলে যাত্রী কিশোর গাড়িটির নিচে চাপা পড়ে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক কয়েক মিনিটের মধ্যে কিশোর মজুমদারকে মৃত ঘোষণা করে। মৃত কিশোর ৪ মাস আগে মিতু নামে এক তরুণীকে বিবাহ করেছিল। তার স্ত্রী ঢাকায় বসবাস করে। দুর্ঘটনার দিন সকালে নিহত কিশোর ঢাকার একটি মোবাইলের দোকানে চাকরি করার উদ্দেশে রওয়ানা দেয়।