চাঁদপুরে ৬শ’ ৪৮ জন প্রবাসী সেলফ কোয়ারেন্টাইনে


শওকত আলী
চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় ইটালী, যুক্তরাজ্য, চীন, অস্টেরিয়া, সৌদি, দুবাই, কাতারসহ করোনাভাইরাসে আক্রান্ত বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে ফেরত আসা ৬শ’ ৪৮ জন ব্যক্তিকে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের ঘরে থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য বিভাগসহ সরকারের বিভিন্ন সংস্থা মনিটরিংয়ের মাধ্যমে তাদের নিজ-নিজ ঘরে রেখে কোয়ারেন্টাইনে আছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেছে।
এদের জেলা প্রশাসন ও জেলা সির্ভিল সার্জন সার্বক্ষনিক মনিটনিং করছেন বলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। তবে এদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলেও জেলা প্রশাসন থেকে জানা গেছে।
গত বৃহস্পতিবার পর্যন্ত এদের সংখ্যা ছিল ৪২০ জন। শুক্রবার পর্যন্ত এদের সংখ্যা দাঁড়িয়েছে ৬শ’ ৪৮ জনে। জেলা প্রশাসন ও সিভিল সার্জনের পরামর্শে বিদেশ ফেরত এসব লোকজন তাদের নিজ ঘরে সেলফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
চাঁদপুর জেলার ৮টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় বিদেশ ফেরত এসব করোনা আক্রান্ত রোগি আছে সন্দেহের ব্যক্তিদের সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেন জানান সিভিল সার্জন ডা. মো. সাখায়াত উল্লা।
তিনি আরো জানান, তার দপ্তরের তালিকা অনুযায়ী ৬টি উপজেলায় ২০১ জন ব্যাক্তিকে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছে। এসব লোকেরা গত ১০দিন থেকে এক সপ্তাহের মধ্যে দেশে তথা চাঁদপুরে প্রবেশ করেছে। এসব সেলফ কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা হচ্ছে- ফরিদগঞ্জের ৪২ জন, শাহারাস্তির ২৮ জন, মতলব উত্তরের ২৯ জন, মতলব দক্ষিণের ২১ জন, হাজীগঞ্জের ৪৫ জন ও কচুয়ার রয়েছে ৩৬ জন। বাকিদের তথ্য এ মুহূর্তে তিনি দিতে তার উপর নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান।
এদিকে ফরিদগঞ্জে ইতালি, সৌদি আরব, দুবাই, কাতারসহ বিভিন্ন দেশ থেকে বিদেশ ফেরত ১৭০ জন ব্যক্তিকে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় প্রশাসনের পরামর্শে তাদের নিজ ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে উপজেলা প্রশাসন জানান। গত এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে এ সব ব্যক্তিরা বিদেশে ফেরত হয়ে ফরিদগঞ্জে এসেছে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি জানান, গত এক সপ্তাহ আগে এক ব্যক্তি ইতালি থেকে দেশে আসেন। এসময় তিনি নিজ থেকেই ঘরের বাইরে তেমন বের হননি। বৃহস্পতিবার আমরা বিষয়টি জানার পর তাকে সেলফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি। তিনি আমাদের জানিয়েছেন তার কাছে হেলথ সার্টিফিকেট রয়েছে। তারপরও আমরা সার্বক্ষণিক তার উপর নজর রাখছি। তবে গত ১০ দিনে ফরিদগঞ্জ উপজেলায় ১৭০ জনেরও বেশি প্রবাসী দেশে ফিরেছেন। তাদের সবার ব্যাপারে বিশেষ নজর রাখা হচ্ছে উপজেলা প্রশাসন থেকে।
এদিকে করোনা মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ বেডের একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে। পাশাপাশি দু’টি শিক্ষা প্রতিষ্ঠানকে কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত রেখেছে স্থানীয় প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, চাঁদপুরে শুক্রবার পর্যন্ত বিভিন্ন উপজেলায় ৬শ’ ৪৮ জন ব্যক্তিকে নিরাপত্তার স্বার্থে তাদের ১৪ দিন নিজ-নিজ এলাকায় তাদের ঘরে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে। জেলার সব কয়টি উপজেলায় জেলা প্রশাসন ও সিভিল সার্জনের ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিভাগের মাধ্যমে মনিটরিংয়ের মাধ্যমে সেলফ কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এদের সেলফ কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে যেন বিদেশ থেকে আসা তাদের আত্মীয়-স্বজনের মধ্যে এ রোগ যেন না ছড়ায়, সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে করে এ রোগ যেন তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়। তবে বিদেশ থেকে প্রতিদিনই এ ধরনের ব্যক্তিরা আসা-যাওয়া করছে। তাতে এদের সংখ্যা বাড়ছে। এদের নাম-ঠিকানা জেলা প্রশাসন প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।