চাঁদপুর নিশি বিল্ডিং এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকায় লঞ্চ যাত্রীদের দুর্ভোগ কমাতে ৭টি দোকানের অতিরিক্ত অংশ উচ্ছেদ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকাল ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই উচ্ছেদ করা হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লঞ্চ যাত্রীর ভিড় বাড়বে- এজন্যই নিশি বিল্ডিং ও মাদরাসা রোডকে ওয়ানওয়ে করে দেয়া হয়েছে। মাদ্রাসা রোড সড়কটি দিয়ে লঞ্চ ঘাটে যাত্রীরা প্রবেশ করবে। নিশি বিল্ডিং সড়ক দিয়ে লঞ্চ থেকে নেমে যাত্রীরা তাদের গন্তব্যে যাবে। এজন্যই নিশি বিল্ডিংয়ের টার্নিং পয়েন্টটিতে অবৈধভাবে দোকানের বৃদ্ধি করা স্থান উচ্ছেদ করা হয়েছে।
জাহেদ পারভেজ চৌধুরী জানান, নিশি বিল্ডিং এলাকার এই অংশটি হলো জনগুরুত্বপূর্ণ স্থান। চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ¦বর্তী জেলার জনসাধারণ ছোট যানবাহন নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য লঞ্চ ঘাটে এই সড়ক দিয়ে যাতায়াত করে। কিছু অসাধু ব্যবসায়ী তাদের দোকানের অংশ ছাড়াও সড়কের একটি বৃহৎ অংশ দখল করে রেখেছে। আমরা পুলিশ প্রশাসন লঞ্চ যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এই উচ্ছেদ অভিযান চালিয়েছি। উচ্ছেদ চলাকালে মোটা শহীদ খানের ৪টি ও চিকন শহীদ খানের মালিকানাধীন ২টি দোকানসহ ৭টি দোকানের বাড়তি অংশ আমরা উচ্ছেদ করেছি। উচ্ছেদ হওয়া দোকানগুলো হলো মোটা শহীদ খানের দোকান, ছিডু শেখের দোকান, মিন্টুর দোকান, রিপন বেপারীর দোকান, চিকন শহীদ খানের দোকান ও দেলোয়ারের ফার্নিচারের দোকানের অংশ বিশেষ উচ্ছেদ করা হয়।
এ সময় জাহেদ পারভেজ চৌধুরী মাইকে ঘোষণা দিয়ে দোকান মালিকদের হুঁশিয়ারি করে দেন এবং পাশাপাশি দোকান মালিকদের অনুরোধ করেন যেন উচ্ছেদ চলাকালে দোকানীরা তাদের মালামাল সরিয়ে নিতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর ফয়সাল আহমেদ ভূঁইয়া, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক আব্দুর রব, সেকেন্ড অফিসার অনুপ চক্রবর্তীসহ পুলিশ সদস্যরা।