
৩০ জুন পর্যন্ত
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে সরকারিভাবে ২৭৩ টন বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া। গত বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য গোডাউন কার্যালয়ে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া বলেন, যাদের কৃষি কার্ড আছে, তাদের কাছ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো ধান ক্রয় করা হবে। ইতোমধ্যে আগ্রহী কৃষকদের তালিকা করেছে, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়। এ তালিকার বাইরে, কৃষি কার্ডধারী নতুন করে আগ্রহী থাকলে তার কাছ থেকেও ধান ক্রয় করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নয়নমন সূত্রধর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মান্নান, খাদ্য পরিদর্শক ও উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম চন্দ্র বর্ধণসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি মন বোরো ধান ১,০৪০ টাকা (প্রতি কেজি ২৬ টাকা) করে ক্রয় করছে সরকার। এ কার্যক্রম আগামি ৩০ জুন পর্যন্ত চলবে। একজন প্রান্তিক কৃষক সর্বোচ্চ ৩ টন (৮১ মন) ধান বিক্রি করতে পারবেন।
