চাঁদপুর পবিস-১ এর পরিচালক হলেন কামাল হোসেন

হাজীগঞ্জ ব্যুরো
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক হলেন হাজীগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আমার কণ্ঠের প্রকাশক ও সম্পাদক মো. কামাল হোসেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রত্যক্ষ নির্বাচনে তিনি সমিতির আওতাভুক্ত এলাকা নং-২ এর পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। এলাকা নং- ২ এর মধ্যে রয়েছে, হাজীগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন (বড়কুল পূর্ব ও বড়কুল পশ্চিম ইউনিয়ন, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন)।
বড়কুল পূর্ব ইউনিয়নের স্থানীয় দক্ষিণ বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১৩৭৮৭ ভোটের মধ্যে ৩৮৯ ভোট কাস্ট হয়। এর মধ্যে ১ ভোট মিসিং এবং ৩৮৮ ভোট বৈধ বলে গণ্য হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক (কারিগরি) আমিনুর রহমান।
এতে সাংবাদিক কামাল হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। যদিও নির্বাচনের কয়েকদিন আগে অনানুষ্ঠানিকভাবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন থানার সহকারী উপ-পরিদর্শক মো. মাহমুদুল হক ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স।