
কচুয়া ব্যুরো :
কচুয়ায় চার দিনের টানা বৃষ্টিতে আলুর জমি পানিতে নিমজ্জিত হয়েছে। গত রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, কচুয়া উপজেলার সাচার, পালাখাল, বিতারা, পশ্চিম, সহদেবপুর পূর্ব ও কাদলা ইউনিয়নের প্রায় ১শ’ হেক্টর আলুর জমি পানিতে নিমজ্জিত হয়ে আছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর সমগ্র উপজেলায় ৩ হাজার ৯শ’ ৪০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত প্রায় ৪ শ’ হেক্টর জমিতে আলু চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে টানা বর্ষণের কারণে ১০০ হেক্টর জমির আলু পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা আলুর জমি থেকে পানি সরানোর চেষ্টা করছেন।
সহদেবপুর পূর্ব ইউনিয়নের বাছাঁইয়া গ্রামের চাষি শাহআলম ৪ একর জমিতে আলু চাষ করেছেন। তিনি জানান, আমরা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে জমিতে আলু রোপণ করেছি। চার দিনের টানা বৃষ্টিতে আমাদের সব কৃষকের আলুর জমি পানিতে তলিয়ে গেছে।
এ বিষয়ে কৃষি অফিসার আহসান হাবীব বলেন, এ বছর কচুয়া উপজেলায় ৩ হাজার ৯শ’ ৪০ হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের কৃষক ভাইয়েরা ৩ শ’ ৭৫ হেক্টর আলু চাষাবাদ করেছে। তিন দিনের টানা বর্ষণে প্রায় ৫০ হেক্টর আলুর জমি পানিতে নিমজ্জিত রয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি যাতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
অপরদিকে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন, প্রাকৃতিক দুর্যোগে টানা বৃষ্টির কারণে সারা বাংলাদেশের মতো কচুয়ার কৃষকদের আলুর জমি পানিতে তলিয়ে গেছে। ফলে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ইতোমধ্যে উপজেলা কৃষি বিভাগের সাথে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য আলাপ করেছি এবং জেলা প্রশাসকের সাথে আলাপ করে কৃষকদের কিছুটা হলেও ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করবো।
