ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে ব্যাপক আয়োজনের প্রস্তুতি

১০ বছর পূর্তি উপলক্ষে

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার হাশিমপুরে গ্রামীণ জনপদে মনোরম পরিবেশে অবস্থিত চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ। ‘গুণগত শিক্ষাই আলোকিত সমাজের সোপান’ এই প্রতিপাদ্যটি বাস্তবায়নের লক্ষ্যে লেখাপড়া ও ভাল ফলাফলের সাফল্য নিয়ে কলেজটির ১০ বছর পূর্তি উপলক্ষে ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে ৮ ফেব্রুয়ারি দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে।
ওইদিন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ মো. গোলাম হোসেনের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুল ও মুহাম্মদ শফিকুর রহমান এমপি।
সকালে মিলাদ শেষে কলেজের সম্মুখে সড়কে ৯টায় আনন্দ র‌্যালি, সাড়ে ১০টায় কৃতী ছাত্রী সংবর্ধনা, বেলা ২টায় কলেজ ছাত্রী ও ঢাকার প্রতীক হাসান ও অংকন ইয়াসমিনের ভাটিয়ালী, বাউল সংগীত ও পল্লীগীতি। প্রায় ৫ হাজার দর্শক শ্রোতাদের সংগীত উপভোগ করার ব্যবস্থা থাকছে। ইতোমধ্যে কলেজের সাজসজ্জা, আলপনার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আলহাজ মো. গোলাম হোসেন প্রতিদিন সব কার্যক্রম নিবিড়ভাবে দেখাশুনা করছেন। তিনি জানান, কলেজটি সবার, সম্মানিত মেহমান, কৃতী ছাত্রী সবাই আমাদের অতিথি। অনুষ্ঠানকে স্বার্থক করে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।