দক্ষিণ আফ্রিকায় নিহত হাজীগঞ্জের সুমনের বাড়িতে শোকের মাতম

হাজীগঞ্জ ব্যুরো
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হাজীগঞ্জের মহসিন রাজা সুমনের (২৮) বাড়িতে চলছে শোকের মাতম। নিহত সুমন উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মিয়া বাড়ির ক্বারী মোখলেছুর রহমানের ছোট ছেলে। রোববার দিবাগত রাতে (বাংলাদেশ সময় রাত ৮টার) এই দুর্ঘটনায় ঘটে। এ ঘটনায় সুমনের বন্ধু মান্নান (২৯) নামের অপর একজন মারা গেছেন বলে সুমনের পারিবারিক সূত্রে জানা গেছে। তবে তার ঠিকানা পাওয়া যায়নি।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল হাইওয়ে (এন-৬) সড়কে সুমনসহ তার বন্ধু দুর্ঘটনার শিকার হয়। এতে সুমন ও তার বন্ধু মান্নান ঘটনাস্থলে মারা যায়। সোমবার (৬ জুলাই) সকালে সুমনে গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় কান্নার রোল। বৃদ্ধ বাবা কারী মুখলেছুর রহমান ও মা খোদেজা বেগম বার-বার জ্ঞান হারাচ্ছেন। বড় ভাই জয়নাল আবেদীন, মেঝো ভাই মোস্তফা মিয়া অঝোরে কাঁদছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন পরিবারের ছোট ছেলে। সে ২০০৬ সালে সাউথ আফ্রিকায় গিয়েছিলো। বর্তমানে সেখানে সে ব্যবসা করতো। রোববার দিবাগত রাতে সুমন তার বন্ধু মান্নানসহ প্রাইভেটকার যোগে বাসায় ফেরার পথে অপর একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুমন ও তার বন্ধু মান্নান ঘটনাস্থলেই মারা যায়।

০৬ জুলাই, ২০২০।