আহসান হাবীব সুমন
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে কচুয়া পৌরসভার নির্বাচন প্রথমবারের মত ইবিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে নৌকা মার্কায় বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের মত কচুয়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি মেয়র নাজমুল আলম স্বপন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কচুয়া পৌরসভার ৯ টি কেন্দ্রে ১৯ হাজার ৯শ’ জন ভোটার মধ্যে ১১ হাজার ৯শ’ ২৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর ১৪ ভোট বাতিল করেন নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজমুল আলম স্বপন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ২শ’ ১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব প্রানজল মোবাইল প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৫১ এবং বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে ৬ শ’ ৪৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
নাজমুল আলম স্বপন দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
১৫ ফেব্রুয়ারি, ২০২১।
