ধানুয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষে হতাহত ৪


স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া বাজার এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আবু তাহের মাস্টার (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের ছেলে রায়হান মিয়াজী (৩২) ও তার স্ত্রী ইভা রহমান সুলতানা (২২) এবং জাকির হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর-রায়পুর সড়কের ধানুয়া বাজার স’মিলের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা লক্ষ্মীপুর জেলা সদরের চর-রুহিতা এলাকার বাসিন্দা।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, আহত জাকির হোসেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার স্থান থেকে অটোরিকশা-পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক পলাশ বলেন, নিহতদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে চাঁদপুর লঞ্চঘাটে আসার উদ্দেশে ঘটনাস্থলে আসলে পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাহের মাস্টারকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত রায়হান মিয়াজীকে ঢাকা মেডিক্যালে রেফার করা হয়েছে। ইভা রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা থেকে ফরিদগঞ্জ পর্যন্ত সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বেপরোয়া সিএনজি চালকরা দ্রুতগতিতে ঐ রাস্তায় চলাচল করায় প্রায়ই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষে প্রাণ হারায় যাত্রীরা। গত ২২ সেপ্টেম্বর ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়। ঐদিন রাত ৮টায় ভাটিয়ালপুর চৌরাস্তায় চাঁদপুরমুখী সিএনজি ও ফরিদগঞ্জমুখী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে এলাকার লোকজন ছুটে আহতদের মধ্যে ২ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও আরো ২ জনকে রায়পুর হাসপাতালে প্রেরণ করে।
উদ্ধার করা আহতদের মধ্যে মোহাম্মদ রেজাউল করিম (৪৫) কে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। নিহত মোহাম্মদ রেজাউল করিম ব্যুরো বাংলাদেশ এনজিও’র ফরিদগঞ্জে এরিয়া ম্যানেজার হিসেবে কর্তব্যরত ছিলেন।

২৫ সেপ্টেম্বর, ২০১৯।