নারায়ণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে হাইকোর্টের নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন ব্যান্ডের ৫২টি পণ্যের উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিনের নেতৃত্বে নারায়ণপুর বাজারের বিভিন্ন মুদি দোকানে নিষিদ্ধ পণ্যের উপর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাঘাবাড়ি-ঘি, কেমিক্যালযুক্ত পাইপ আইসক্রীম, খোলা আচার, রঙ মেশানো চিপস, মানহীন খেজুরসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য জব্দ ও নগদ অর্থ জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে শহীদ স্টোর থেকে ১৫টি বাঘাবাড়ি-ঘি নগদ ১ হাজার টাকা, মতিন স্টোর থেকে ২১টি বাঘাবাড়ি-ঘি, নগদ ১ হাজার টাকা, আলী স্টোর থেকে ৩টি বাঘাবাড়ি-ঘি, রং মেশানো চিপস ও নগদ ১ হাজার টাকা এবং সাদ্দাম স্টোর থেকে ৩টি বাঘাবাড়ি-ঘি, ক্যামিকেলযুক্ত আইসক্রীম, খোলা আচার ও নগদ ৫শ’ টাকা আদায় করা হয় এবং জব্দকৃত নিষিদ্ধ পণ্য বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, দোকানে মূল্যতালিকা প্রদর্শন, হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষিত পণ্য, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রয় থেকে বিরত থাকতে হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় স্যানেটারি ইন্সপেক্টর খোরশেদ আলম, এএসআই মো. শফিকুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।