
জনগণের সেবক হয়ে পুলিশ কাজ করছে
………..অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
পুলিশের সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে হাজীগঞ্জে মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে থানা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। জনগণের সেবক হয়ে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তাই পুলিশকে নিয়মিত তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং পুলিশের সেবা নিন।
তিনি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জঙ্গিবাদের সাথে কোন আপোষ নেই। উল্লেখিত অপরাধগুলো কোথাও সংগঠিত হলে অথবা কোথাও আইন-শৃঙ্খলার অবনতির আশংকা দেখা দিলে নিকটস্থ থানায় জানান। অথবা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন দিন।
প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন আরো বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার আইন শৃঙ্খলার রক্ষার্থে আমাদের প্রস্তুতি রয়েছে। আপনারা সচেতন থাকবেন এবং আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সবাই সচেতন হলে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে সব অপরাধ দূর করা সম্ভব।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনির সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কমিউিনিটি পুলিশিংয়ের সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলাল, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সিনিয়র সহ-সভাপতি মো. দেলোয়ার মুন্সী প্রমুখ।
এ সময় পুলিশের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন পরিবহনের চালক, শ্রমিকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
