
মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও সিএনজি শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন সমিতির সদস্যরা। সমিতির সদস্য মো. জাহাঙ্গীর আলম সেলিম বাদী হয়ে গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত নায়েরগাঁও সিএনজি শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচনের ফলাফলসহ বিভিন্ন অনিয়মের একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে জানা যায়, নায়েরগাঁও সিএনজি শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন চলাকালীন সময়ে সহকারী নির্বাচন কমিশনার মো. শফিকুল মিয়াজীকে ভোটকেন্দ্রের একটি কক্ষে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে তাকে উদ্ধার করা হয়। এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি প্রার্থী আবদুল বারেক (প্রতীক চেয়ার) সাধারণ সম্পাদক প্রার্থী শফিক সওদাগর (প্রতীক মোরগ) ও প্রধান নির্বাচন কমিশনারের যোগসাজেশে ভোট সঠিক গণনা না করে ও ফলাফল জনসমক্ষে প্রকাশ না করে ফলাফল শীট প্রার্থীদের হাতে দিয়ে চলে যান।
নির্বাচনের পরদিন ভোটকেন্দ্রের পূর্ব-দক্ষিণ কোণের ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় সিল মারা প্রায় দু’শ’ ব্যালট পেপার উদ্ধার করা হয়। এমতবস্থায় ঐ অবৈধ নির্বাচনের ফলাফল বাতিল ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ব্যালট পেপার সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
