স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাংগীর আলম শিপন পটুয়াখালী জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেন।
ডা. শিপন ২০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৫ সালের ২৯ জুন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেন। গত ৩০ অক্টোবর পর্যন্ত তিনি এই পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ছিলেন।
তিনি ফরিদগঞ্জে ইউএইচএফপিও হিসেবে যোগদান করার পর পুরো উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। বিশেষত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীবান্ধব হিসেবে গড়ে তুলেছেন। সেজন্য ফরিদগঞ্জবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ।
ডা. জাহাংগীর আলম শিপন প্রায় সাড়ে চার বছর ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। এছাড়া তাঁর চাকরি জীবনের অধিকাংশ সময়ই তিনি চাঁদপুর জেলায় কাটিয়েছেন। তাই তিনি চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
