উন্নয়নের জোয়ারে কেউ ভিক্ষুক থাকতে পারে না
…………….জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌর এলাকার ৩৭জন ভিক্ষুককে পুনর্বাসনের মধ্য দিয়ে হাজীগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। গত বৃহস্পতিবার সকালে পৌরসভা কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণা দেন তিনি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পৌরসভাসহ উপজেলার মোট ৩শ’ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়।
এ দিন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে উন্নয়ন জোয়ার বইছে। এ উন্নয়নের জোয়ারে কেউ ভিক্ষুক থাকতে পারে না এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চাঁদপুরের কেউ ভিক্ষুক থাকবে না। পুনর্বাসনের মধ্য দিয়ে সবাইকে সহযোগিতা করা হবে। যা হাজীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে শুরু হয়েছে।
তিনি বলেন, বলার জন্যে বলতে চাই না, সত্যিকার অর্থেই চাঁদপুরে ভিক্ষুক থাকবে না। যাদের পুনর্বাসন করা হয়েছে তাদের আগামি দু’বছর মনিটরিং করা হবে। এজন্য কমিটি গঠন এবং প্রয়োজনে স্থানীয়ভাবে একটি ফান্ড গঠনের উদ্যোগ নেয়া হবে। ওই কমিটি তাদের দেখাশোনা করবে। কারো সমস্যা থাকলে, তাকে কিভাবে সহযোগিতা করা যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভিক্ষুকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা আমাদের আত্মার আত্মীয়। কারো কোন সমস্যা হলে জনপ্রতিনিধি, ইউএনও প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। অন্য জায়গা থেকে যারা হাজীগঞ্জে এসে ভিক্ষা করছে তাদের বিষয়ে ভিন্ন চিন্তা রয়েছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন।
পৌরসভার সচিব নূর আজম বিন শরীফের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, পৌর প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা প্রমুখ।
এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাজারগাঁও ইউনিয়নে ২৮ জন ও বাকিলা ইউনিয়নের ১৩ জন ভিক্ষুকের হাতে পুনর্বাসনের উপকরণ তুলে দিয়ে উপজেলায় পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষুক মুক্তকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এরপরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার সার্বিক ব্যবস্থপনায় ও তত্ত্ববধানে উপজেলার সব ইউনিয়নে ভিক্ষুকদের পুনর্বাসন সম্পন্ন হয়।
তৎকালীন জেলা প্রশাসক (বর্তমানে যুগ্ম-সচিব) আব্দুস সবুর মন্ডল উদ্যোগে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-কর্মচারীদের এক দিনের বেতনের সংগ্রহকৃত টাকা দিয়ে তহবিল গঠন করা হয়। সেই তহবিলের টাকা থেকে ভিক্ষুকদের পুনর্বাসন করা হয়।
