পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন

আলমগীর সভাপতি, সুমন সাধারণ সম্পাদক

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কচুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম আতিকুর রহমান, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান, মোতাহার হোসেন দুলাল, মো. জাহাঙ্গীর হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক কবির হোসেন, আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২শ’ ৪৯ ভোটারের মধ্যে ২শ’ ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে ১০১ ভোট পেয়ে মো. আলমগীর হোসেন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মফিজুল ইসলাম পেয়েছে ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ১৬৭ ভোট পেয়ে সোহরাব হোসেন সুমন নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম মুন্সী পেয়েছেন ৫৮ ভোট।
ভোট গণনা শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি নেতাকর্মীদের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করেন।