প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে বলাখাল সাব পোস্ট অফিস


মোহাম্মদ হাবীব উল্যাহ্
প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে হাজীগঞ্জের বলাখাল সাব পোস্ট অফিস (ডাকঘর) এবং কর্মকর্তাদের মধ্যেও দেখা যাচ্ছে নবোদ্যম। সাব-পোস্ট অফিসটি পৌরসভাধীন বলাখাল মধ্য বাজারে অবস্থিত। গ্রাহক সেবাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নাগরিকদের দোরগোড়ায় নথিপত্র, নগদ টাকা এবং পার্সেল সরবরাহসহ সঞ্চয়পত্র, মেয়াদী হিসাব, সাধারণ হিসাব ও ডাক জীবন বীমার মাধ্যমে বিশ্বস্ততার সাথে আর্থিক লেনদেন পরিচালনা করছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে জনগণের দোরগোড়ায় ডাক সুবিধা পৌঁছে দেয়ার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করা এবং সততা, বিশ্বস্ততা ও জনসেবার ব্রত নিয়ে ভৌত, আর্থিক, ইলেক্ট্রনিকসহ সব ধরনের মানসম্মত সার্ভিস প্রদান করার মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগকে বিশ্বমানের প্রতিষ্ঠানে রুপ দেয়ার লক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে সরকার। যার সুবিধা জনগণ ভোগ করছে।
জানা গেছে, বলাখাল সাব-পোস্ট অফিসের অধিনে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় অন্তর্ভূক্ত ১৬টি শাখা অফিস রয়েছে। এই সাব পোস্ট অফিস এবং ১৬টি শাখা অফিসের কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন একজন সাব-পোস্ট মাস্টার। সরকারের বহুমুখী পদক্ষেপ এবং একজন সাব পোস্ট মাস্টারের যোগ্য নেতৃত্বের ফলে বলাখাল সাব-পোস্ট অফিসে বেড়েছে সেবার মান। এতে করে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
এক সময় একটি টিনের ঘর এবং পরবর্তীতে একটি দোকান-ঘর ভাড়া নিয়ে বলাখাল সাব-পোস্ট অফিসের কার্যক্রম পরিচালনা হতো। যার মধ্যে অফিসিয়াল কোন ভাব-গাম্ভীর্য ছিলো না। পরবর্তীতে পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপনের আন্তরিকতায় বলাখাল বাজারে অবস্থিত পৌরসভার নিজস্ব ভূমিতে নির্মিত একটি দোতলা ভবনে সাব-পোস্ট অফিসটি স্থানান্তরিত হয়। এতে পোস্ট অফিসটির সৌন্দর্য বৃদ্ধি পায়।
এ বিষয়ে বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, এক সময়ের কর্মচাঞ্চল্য পোস্ট অফিস মোবাইল ম্যাসেজ ও ই-মেইলের ব্যবহার এবং তথ্য-প্রযুক্তির কারণে ঝিমিয়ে পড়েছিলো। পরবর্তীতে সরকারের পদক্ষেপ এবং কর্মকর্তাদের আন্তরিকতায় আবারো সেই কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে।
তিনি বলেন, আমি নিজেও বলাখাল সাব-পোস্ট অফিসে এসে যথাযথ সেবা পাচ্ছি। তাদের (কর্মকর্তাদের) আন্তরিকতায় জনগণ এখানে সেবা নিতে আসছেন। আশা করি এ ধারা অব্যাহত থাকলে এবং সেবার মান আরো বাড়লে একসময় এই সাব-পোস্ট অফিসটি পূর্ণাঙ্গ পোস্ট অফিসে উন্নীত হবে।
এ ব্যাপারে সাব-পোস্ট মাস্টার রবিউল ইসলাম জানান, জনগণের দোরগোড়ায় চিঠি ও নথিপত্র, নগদ টাকা এবং পার্সেল সরবরাহ, সঞ্চয়পত্র, মেয়াদী হিসাব, সাধারণ হিসাব ও জীবন বীমাসহ এখানে ডাক বিভাগের সকল কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। তিনি বলেন, আমরা আন্তরিকতা, সততা এবং বিশ্বস্ততার সাথে সেবা দেয়ার চেষ্টা করছি।
পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রবিউল ইসলাম বলেন, একটি ন্যূনতম দৃষ্টিনন্দন অফিসের জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। পরবর্তীতে পৌর মেয়রকে বিষয়টি জানালে তিনি দ্রুততার সাথে আমাদের সহযোগিতা করেন। যার ফলে বর্তমানে একটি ভালো পরিবেশে অফিস করতে পারছি। এ সময় তিনি কার্যকর সেবা প্রদানে সেবা গ্রহিতাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।