মতলব উত্তরে প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে বালুর ব্যবসা

নয়াকান্দি সপ্রাবি সভাপতির বিরুদ্ধে অভিযোগ



স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহজাহান সরকারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি ঐ বিদ্যালয়ের সভাপতি ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন যাবত বালু ব্যবসা করে আসছে। ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং পরিবেশ বিনষ্ট হচ্ছে।
তিনি ইউনিয়নের একজন প্রভাবশালী নেতা হওয়ায় নিজের খামখেয়ালী মতো যা ইচ্ছা তাই করছেন বলে এলাকাবাসীর অভিযোগ। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে নানা ধরনের ভয়-ভীতি ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেন। এমনই অভিযোগ শান্তিপ্রিয় মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নবাসীর।
সরেজমিনে ঘুরে শাহজাহান সরকারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বেরিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ১০/১৫ জন ব্যক্তি জানান, তিনি দলীয় প্রভাব দেখিয়ে বেলতলী বাজার সংলগ্ন সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ, নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জায়গা দখল করে বালু ও পোল্ট্রি ফার্মের ব্যবসা, পাউবির অনুমতি ছাড়া মাছ চাষ, সরকারি বরাদ্দকৃত টাকা আত্মসাৎ এবং বিদ্যুতের সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ ব্যাপক অনিয়ম করেছেন।
এছাড়া শাহজাহান সরকারের সব অনিয়ম-দুর্নীতির দোসর সাবেক ইউপি সদস্য মনির হোসেন জোরপূর্বক অন্যের জায়গা দখল করে ইটভাটার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে সম্প্রতি এলাকার জনৈক ব্যক্তি চাঁদপুর জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে অভিযোগ করেন। সাদুল্লাপুর ইউনিয়নের নয়াকান্দি, গোপালকান্দি, বেলতলীসহ ৫/৭টি গ্রামের ভুক্তভোগীরা তার বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য চাঁদপুর-২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে শাহজাহান সরকারের নিকট জানতে চাইলে তিনি নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালুর ব্যবসার বিষয়টি স্বীকার করে বলেন, আগামি বছর থেকে জায়গাটি খালি করে দিবেন। অন্য বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।