
স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলা গুপ্টি ইউনিয়নের আষ্টা মহামায়া বাজার স্কুল রোডে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ৪ সম্পূর্ণ ও ১টির অংশবিশেষ পুড়ে ছাই হয়ে গেছে।
গত রোববার দিবাগত রাত আড়াইটায় আষ্টা মহামায়া বাজার স্কুল রোডে অবস্থিত ১টি মার্কেটে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে নিঃস্ব হওয়ার পথে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও ফরিদগঞ্জ থানার কর্মকর্তারা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করেন। এতে মুন্না পোল্ট্রি ফার্ম (পরিচালক মুন্না) ১ লাখ টাকা, আল-মদিনা লাইব্রেরি (পরিচালক আনোয়ার হোসেন এবং মুন্না) ১০ লাখ টাকা, জিএম টেইলার্স (পরিচালক আলমগীর হোসেন) ৮ লাখ টাকা, মিতা শিল্পালয় (পরিচালক দীনিশ কুড়ি) ৩ লাখ টাকা ও সুমন কসমেটিক্সের (পরিচালক মো. সুমন) ৩ লাখ টাকাসহ আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতির তালিকা করা হয়।
আল মদিনা লাইব্রেরির পরিচালক মো. আনোয়ার হোসেন ও মুন্না জানান, আমাদের এই দোকান ছিল পরিবারের একমাত্র উপার্জনের প্রতিষ্ঠান। আমরা ২ বন্ধু পার্টনারশীপে ২০ বছর ধরে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। আমাদের ২ পরিবারের একমাত্র উপার্জনের প্রতিষ্ঠান ছিল ব্যবসাটি। আমাদের আজ আগুনে নিঃস্ব করে দিয়েছে। আমাদের ২টি দোকানে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।
আগুন লাগার বিষয়ে আষ্টা বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ. রহমান রহমত ও সহ-সভাপতি কাউছার হামিদ জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে রাতে আগুন লেগে আষ্টা বাজার ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা। ফায়ার সার্ভিস ও প্রশাসনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সরকারি বিভিন্ন দপ্তর ও রাজনীতিবিদদের আহ্বান করবো, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করতে সহযোগিতা করার জন্য।
