
ফরিদগঞ্জ ব্যুরো
জেলা পর্যায়ে মেধাবী ফুটবলার হিসেবে বেশ কয়েকবার স্বীকৃতি পাওয়া ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রিফাতুল ইসলামের অপহরণ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের গড়িমসি এবং অপহৃত ছেলের সন্ধান চেয়ে এক মা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বুধবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন এই অনুষ্ঠিত হয়েছে।
লিখিত বক্তব্যে রিফাতের মা রওশন আরা রানী বলেন, এ বছরের গত ১৬ জানুয়ারি তার ছেলে নিখোঁজ হয়। পরে ২৩ জানুয়ারি ফরিদগঞ্জ থানায় নিখোঁজ বিষয়ে সাধারণ ডায়রি করেন। পরবর্তীতে এই নিখোঁজের পিছনে স্থানীয় টুটুল পাটওয়ারী, জাকির হোসেন, চায়না বেগমসহ বেশ কয়েকজন জড়িত বলে তাদের কাছে সন্দেহ হওয়ায় গত ২০ ফেব্রুয়ারি চাঁদপুর আমলী আদালতে অপহরণ মামলা দায়ের করি। আদালত মামলাটি দায়ের পূর্বক থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দানের পর পুলিশ অজ্ঞাত কারণে গত ২০ মার্চ মামলাটি রেকর্ড করেন। কিন্তু মামলা রেকর্ড হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও অদ্যাবধি মামলার কোন অগ্রগতি নেই। একদিকে আমার ছেলের হদিস নেই, অন্যদিকে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। ফলে আমরা ভীত-সন্ত্রস্ত।
এমতাবস্থায় নিখোঁজ ছেলের সন্ধান দেয়ার জন্য তিনি আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এসময় রওশন আরা রানীর স্বামী ফারুকুল ইসলাম, বোন মনোয়ারা বেগম, মেয়ের ফারিয়া আক্তার, প্রতিবেশী জাহানারা বেগম, পারভীন বেগম, আয়েশা বেগম উপস্থিত ছিলেন।
