গ্রন্থাগার সমাজের শিক্ষা-সংস্কৃতি ও সভ্যতা বিকাশের কেন্দ্রবিন্দু
ফরিদগঞ্জ ব্যুারো :
ফরিদগঞ্জের জনপ্রিয় গ্রন্থাগার ‘আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন পাঠাগার’র ‘বই পড়া কর্মসূচি ২০১৮’ শেষ হয়েছে। মাসব্যাপী বই পড়া কর্মসূচী শেষ হয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। গতকাল শনিবার সকালে উপজেলার আইফা কার্যালয়ে আইফা পাঠাগারের সভাপতি মুকবুল আহাম্মদের সভাপতিত্বে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন’র প্রোগ্রাম অর্গানাইজার ও গ্রন্থাগারিক নূরুল ইসলাম ফরহাদের উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের উপাধ্যক্ষ মো. মুনীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এনজিও ফেডারেশনের সভাপতি রেজ্জাকুল হায়দার খোকন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর বিতর্ক একাডেমির উপাধ্যক্ষ রাসেল হাসান, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিউর রহমান, কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রব, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিমা আক্তার, ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি হোসাইন মিলন প্রমুখ। এর আগে প্রতিযোগীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষার্থী ইয়াছিন দেওয়ান ও ফাতেমা আক্তার কনিকা।
পুরস্কার বিতরণের আগে আলোচনা সভায় বক্তারা বলেন, চরম যান্ত্রিকতার যুগে পাঠাগারে বসে বই পড়ার মানসিকতা মানুষ হারিয়ে ফেলেছে। সেই পুরনো মানসিকতা ফিরিয়ে এনে সুনির্মল একটি সমাজ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইফা পাঠাগার। কোমলমতি শিশুরাও এখানে এসে বই পড়ে। এছাড়া স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রতিদিন পড়াশোনা করে। সেই সাথে শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে এসে পাঠ গ্রহণ করছে। একটি আলোকিত ফরিদগঞ্জ গড়তে পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরো বলেন, গ্রন্থাগার সমাজের শিক্ষা-সংস্কৃতি ও সভ্যতা বিকাশের কেন্দ্রবিন্দু। সভ্য ও শিক্ষিত সমাজের সুচিন্তার ফসল হিসেবে এর উৎপত্তি। জ্ঞান চর্চা করে মানুষ যে আত্মপ্রসাদ ও মানসিক শান্তি লাভ করে তা কখনই উন্মক্ত জ্ঞান চর্চা কেন্দ্র ছাড়া সম্ভব নয়। প্লেটো, এরিস্টটলের মত মনীষীরাও গ্রন্থাগারের কাছে ঋণী।
পরে আলোচনা সভা শেষে মাসব্যাপী বই পড়া কর্মসূচী ২০১৮ এর ৪০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের কর্মকর্তা মো. মহসিন খান, কো-অর্ডিনেটর আলী আলম, কম্পিউটার প্রশিক্ষক খাইরুল আজিজ সাগর, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক শামীম হাসান প্রমুখ।
