ফরিদগঞ্জে ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকী

উন্নয়ন কর্মকান্ড গতিশীল করতে ইলশেপাড় বিশেষ ভূমিকা রাখছে…ইউএনও 

ফরিদগঞ্জ ব্যুরো

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদগঞ্জে দৈনিক ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরের ব্র্যান্ডিং রূপালী ইলিশের নামে ইলশেপাড় পত্রিকা মিডিয়া অঙ্গনে চাঁদপুরকে সমৃদ্ধ করেছে। পত্রিকাটির মাধ্যমে জেলার সব সম্ভাবনা জনগণ তথা সরকারের নজরে আনার জন্য পত্রিকার সাথে সংশ্লিষ্টদের আরো সক্রিয় হতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের দেশ জাতির কল্যাণে কাজ করে নতুন নতুন তথ্য বের করে এনে আমাদের দেশকে আরো এগিয়ে নেয়ার কাজে এগিয়ে আসতে হবে। দেশ ও সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল করতে ইলশেপাড় একটা বিশেষ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা হচ্ছে সরকারের সহায়ক শক্তি। কারণ সাংবাদিকদের একটি ভালো সংবাদ দেশের মানুষকে অসম্ভব সম্ভাবনার পথে এগিয়ে নিতে বিশাল ভূমিকা রাখতে পারে। সমাজ ও রাষ্ট্র গড়ার কাজে সে শিক্ষক কিংবা রাজনৈতিক কাজ করছেন তাকে নিয়ে যদি আপনার সংবাদ প্রকাশ করেন তাহলে সেই ব্যক্তির ভালো কার্যক্রমের গতি আরো বেড়ে যাবে। ফলে সমগ্র জাতি উপকৃত হবে।

তিনি বলেন, অনেক সাংবাদিক আছেন, দেশ বা সমাজের নেগেটিভ সংবাদের পিছনে সময় নষ্ট করেন। এতে করে কেউ উপকৃত হচ্ছেন না। বরং সমাজ বিভ্রান্ত হচ্ছে। তাছাড়া ভালো সংবাদ বা সম্ভাবনার পেছনে বা পথে হাটলে সবাই উপকৃত হবে।

ইলশেপাড়ের সহকারী সম্পাদক পীরজাদা মাও. মাহফুজ উল্যাহ খানের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ ব্যুরো চীফ নবী নোমান পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম শিপন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তছলিম আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইলশেপাড়ের সহ-সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইলশেপাড়ের ম্যানেজার কাম স্টাফ রিপোর্টার মো. আবরার হোসাইন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আমান উল্যা আমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আনিছুর রহমান সুজন, জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি জাকির হোসেন সৈকত, দৈনিক মাতৃছায়া প্রতিনিধি জসিম উদ্দীন, দৈনিক একাত্তরের প্রতিনিধি মামুন হোসেনসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক ইলশেপাড়ের উপজেলা প্রতিনিধি নারায়ন রবি দাস, মশিউর রহমান মনা,  আবু তালেব সর্দার, মনির হোসেন, আব্দুস সোবহান লিটন ও রুহুল আমিন খান স্বপন।

২৬ জুন ২০১৯