ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, ভিডিও ধারণ, আটক ৩

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ফিল্মী স্টাইলে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয় ধর্ষণের ঘটনা ভিডিও করে ধারণ করে ওই শিক্ষার্থী ও তার পরিবারকে বø্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে সোমবার (১০ জানুয়ারি) ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলার পর সোমবার বিকেলে অভিযুক্ত ভিডিও ধারণকারী এজাজ, সাব্বির ও লিপিকে আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত শিমুলকে আটকের চেষ্টা চলছে।
ঘটনাটি ঘটেছে, গত রোববার সকালে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে। ওই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় তাকে তুলে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ১০ম শ্রেণির ওই শিক্ষার্থী রোববার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কথিত যুবলীগ নেতা শিমুল (২২) তার সহযোগী এজাজ (২০), সাব্বির (২১) ও লিপিসহ কয়েকজন বখাটে তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোনরকমে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানালে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়।
এ ব্যাপারে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ মুঠোফোনে জানান, বিষয়টি গণধর্ষণ নয়, ধর্ষণ করেছে শিমুল নামে এক যুবক। তাকে সহযোগিতা করেছে এজাজ, সাব্বির ও লিপি নামে এক নারী। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ভিডিও ধারণকারী এজাজ, সাব্বির ও লিপিকে আটক করা হয়েছে। প্রধান অভিযুক্ত শিমুলকে আটকের চেষ্টা চলছে।

১১ জানুয়ারি, ২০২২।