ফরিদগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কৃষকের গুরুত্ব অপরিসীম
————ইউএনও শিউলী হরি

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রান্তিক কৃষকদের প্রণোদনা ও পূনঃর্বাসনের লক্ষ্যে কৃষকদের মাঝে সার ও বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রণোদনা প্রকল্পে ৫৯০ জন ও পূনঃর্বাসন প্রকল্পে ১০০ জন কৃষককের মাঝে সার ও বিভিন্ন প্রজাতির বীজ বিতরণ করা হয়। এছাড়া ২ হাজার ৬ শ’ কৃষকের মাঝে পর্যয়ক্রমে হাইব্রীড ধানের বীজ বিতরণ করার ঘোষণা দেন উপজেলা কৃষি কর্মকর্তা।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, কৃষকরা আছে বলেই আমরা বেঁচে আছি। কৃষকরা যদি উৎপাদন না করতো, তাহলে আমরা খাদ্য সামগ্রী পেতাম না। কৃষকরাই আমাদের দেশের মূল চালিকা শক্তি। প্রান্তিক কৃষকদের আমাদের সব সময় সম্মান করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও দেশ উন্নয়নের অগ্রযাত্রায় কৃষকের গুরুত্ব অপরিসীম।
উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম ও মাজেদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, উপ-সহকারী কৃষি অফিসার মো. নুরে আলম, এসএম আমির হোসেন, এবিএম ছালেহ আহাম্মদ, মুকবুল হোসেন প্রমুখ।
০১ ডিসেম্বর, ২০২০।