নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে মোটর সাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সাইমুন (২১) ও সাজ্জাদ (২৪) নামে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে। এ সময় পুলিশ ছিনতাই করা মোটর সাইকেলটি উদ্ধার করেছে। এছাড়া ছিনতাইকারী সাইমুনের কাছ থেকে মানিব্যাগসহ টাকা, একটি চাপাতি ও একটি ছোরাও উদ্ধার করা হয়। সাজ্জাদ ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ও সাইমুন পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার জাকনি গ্রামের সাহাদাত হোসেনের ছেলে। এ ব্যাপারে ঘটনার শিকার মাসুম বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই দুলাল জানান, গত সোমবার রাতে উপজেলার টোরামুন্সির হাট এলাকায় মাসুম নামে এক মোটর সাইকেল আরোহীকে মারধর করে একটি ছিনতাইকারী চক্র মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। পরে ঘটনার শিকার ঐ ব্যক্তি মোবাইলে পুলিশকে জানান। ফরিদগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিক উপজেলার অভ্যন্তরের বিভিন্ন রুটে অবস্থান নেয়। এক পর্যায়ে উপজেলার মিরপুর এলাকা থেকে এএসআই সোহাগ সাইমুন ও সাজ্জাদকে আটক করে। এসময় পুলিশ মোটর সাইকেলটি (ঢাকা মেট্রো-ল-৩৭-৪০০৫) উদ্ধার করার পাশাপাশি সাইমুনের কাছ থেকে একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব জানান, ছিনতাই করা মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। ছিনতাকারী চক্রের দুই সদস্য সাইমুন ও সাজ্জাদকে আটক এবং তাদের কাছ থেকে মানিব্যাগসহ টাকা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঘটনার শিকার মাসুম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
