সরকারের উন্নয়নে জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
…………ড. মো. শাহাদাৎ হোসেন
ফরিদগঞ্জ ব্যুরো
জনশুমারি ২০২১ উপলক্ষে সোমবার (২৫ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এক অবহিতকরণ সভায় পরিসংখ্যান ব্যুারো’র পরিচালক ড. মো. শাহাদাৎ হোসেন পরিচালক (যুগ্ম-সচিব) সেন্সাস উইং বিবিএস তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন ধারাবাহিকতা এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জনশুমারি ও গৃহগণনা এক বিশাল ভূমিকা রাখে। কারণ সরকার বা যথাযথ কর্তৃপক্ষ যদি নাই জানে কোন এলাকায় কি পরিমাণ জনসংখ্যা বসবাস করে এবং একটি পরিবারে কতজন মানুষের খানা আছে তার যদি তথ্য না থাকে তাহলে ওই এলাকায় সরকারের প্রয়োজনীয় বরাদ্দ বা উন্নয়ন কাজ সঠিকভাবে নির্ধারণ করা কঠিন।
তিনি বলেন, সঠিক তথ্য ছাড়া সঠিক কোন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা অত্যন্ত দূরুহ। তাছাড়া আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন তথা রাজনৈতিক জীবনের উন্নয়নের সোপান হিসেবে নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত জরুরি।
তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বিজয় অজর্নের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত দেশে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় ১৯৭৪ সনে পরিসংখ্যান কার্যক্রমে নিয়জিত ৪টি পৃথক প্রতিষ্ঠানকে একীভূত করে তিনি বিবিএস প্রতিষ্ঠা করেছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পরিসংখ্যান ব্যুরোর যুগ্ম-পরিচালক এইচএম ফিরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, জেলা শুমারির সমন্বয়কারি মো. ওহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এম.এ কাশেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
২৬ জানুয়ারি, ২০২১।
