ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান অভিযানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে দিকে উপজেলা ডাকবাংলো থেকে এই মিছিল বের করেন তারা। এসময় বাজারে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইয়াবা ও চোরাকারবারীর সঙ্গে জড়িত তাদের আপনারা তালিকা তৈরি করুন। উপযুক্ত বিচারের জন্য প্রশাসনের হাতে তুলে দিন। আপনারা সতর্ক থাকুন। যারা বর্তমান সময়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবে তারা মোস্তাকের বংশধর। প্রধানমন্ত্রীর বিরোধিতা করার জন্য বর্তমানে একদল সক্রিয় ভূমিকা পালন করছে। আপনারা তাদের ব্যাপারে সতর্ক থাকুন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নির্দেশনায় জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপনের নেতৃত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সবুজ, সদস্য সুইট, সবুজ আলম, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু, যুগ্ম-আহ্বায়ক সোহেল, ফিরোজ আলম, ফরিদগঞ্জ দক্ষিণ ইউপি সদস্য নান্টু মিঝি, রাছেল মেম্বার, এমরান, ছাত্রলীগ নেতা শাকিল, আবির, রাব্বি প্রমুখ।
