ফরিদগঞ্জে দেশীয় অস্ত্রসহ সম্ভাব্য মেয়র প্রার্থী বাঁধন পাটওয়ারী আটক

ফরিদগঞ্জ ব্যুরো
মাছের ঘেরের বাঁধ কেটে দেয়ার ঘটনায় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনায় যুবলীগ নেতা ও আসন্ন ফরিদগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। এ ব্যাপারে গত শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে পুলিশের উপর হামলা ও অস্ত্র এবং বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা হয়েছে। ঘটনাটি শুক্রবার (২৫ ডিসেম্বর) ফরিদগঞ্জ উপজেলায় ঘটে। যদিও আটক বাঁধন পাটওয়ারী এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামে গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী গংদের আবাদকৃত মাছের ঘেরের বাঁধ কেটে দেয়ার ঘটনা ঘটে। ওই মাছের ঘেরের পাহারাদার সাহাবুদ্দিন জানান, যুবলীগ নেতা মেয়র প্রার্থী মাকসুুদুল বাসার বাঁধন পাটওয়ারী নিজে ওই মাছের ঘেরের বাঁধ কেটে দেয়। যাতে পানির স্রোতে মাছ ভেসে যায়। এতে সে বাঁধা দিতে গেলে বাঁধন পাটওয়ারী তাকে অস্ত্র দিয়ে মারার হুমকি দেয়। পরে মাছের ঘেরটি রক্ষার জন্য মালিক পক্ষ থানা পুলিশের শরনাপন্ন হলে শুক্রবার ভোরে থানা পুলিশের একটি দল সেখানে গেলে তাদের সাথে বাঁধন পাটওয়ারী ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা এবং ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে এবং তাকে আটক করে।
পরে শুক্রবার বিকালে থানা পুলিশের এসআই নাছির উদ্দিন বাদী হয়ে সরকারি কাজে বাঁধা, অস্ত্র আইনে ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে।
ঘটনার ব্যাপারে গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারীর ভাই সালাউদ্দিন পাটওয়ারী জানান, গত কয়েকদিন ধরে তারা মাছের ঘের থেকে মাছ ধরছেন। কিন্তু বাঁধন পাটওয়ারী বৃহস্পতিবার রাতে ঘেরের বাঁধ কেটে দেয়। এতে তাদের বিপুল পরিমাণ মাছ ভেসে গেছে।
অন্যদিকে আটক বাঁধন পাটওয়ারী জানান, তাকে মিথ্যা ঘটনায় ফাঁসানো হয়েছে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি পুলিশের উপর হামলা করেননি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, আটক বাঁধন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
২৭ ডিসেম্বর, ২০২০।