ফরিদগঞ্জে নবীন কচি-কাঁচার মেলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব

ফরিদগঞ্জ ব্যুরো
পাঠ্যক্রম শিক্ষার পাশাপাশি সব ধরনের সহশিক্ষা ও মানবিক মূল্যবোধ নিয়ে যদি ছোটবেলা থেকে শিশুদের গড়ে তোলা হয়, তবে আজকের এক একজন শিশু আগামি দিনে দেশ পরিচালক বাংলাদেশ। শিক্ষার্থীদের সে লক্ষ্যে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন সেই দেশ আজ অসম্ভব গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত কচি কাঁচাদের বলেন, সেইদিন যদি আমাদের বীর সেনানীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতার যুদ্ধে পাক বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো আজকের এই আয়োজন, স্বাধীন পতাকা ও মানচিত্র কখনো চিন্তা করা যেত না।
গত শুক্রবার ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
দেশের ঐতিহ্যবাহী সংগঠন কচি-কাঁচার মেলার সহযোগী সংগঠন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচা মেলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের কর্মসূচি হিসেবে ১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে ফরিদগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শুরু হওয়া উৎসবের অংশ ছিলো বিজয় দিবসের বিজয় র‌্যালি ও একই দিন উপজেলা প্রশানের আয়োজিত কুচকাওয়াজে সংগঠনটির বাদক দলের অংশগ্রহণ।
পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ ফিরোজা-কলিম একাডেমির মঞ্চে উৎসবের ২য় পর্ব হিসেবে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় পরদিন ২৪ ডিসেম্বর বিকালে একই মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ও সন্ধাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার সংগঠক শামীম হাসানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব জিয়াউদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জনতা ব্যাংক নোয়াখালী শাখার জেনারেল ম্যানেজার বিশ্বজিত কর্মকার।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক জিএম এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম সালমা হাসেম মলি, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার পরিচালক ফরিদ আহমেদ রিপন, উপ-পরিচালক নূরুন্নবী নোমান, সময় টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহমেদ লিটন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কার্তিক কুরি, সাংবাদিক লিটন কুমার দাসসহ অন্যরা।

২৬ ডিসেম্বর, ২০২১।