ফরিদগঞ্জে বসতঘর আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধে

স্টাফ রিপোর্টার
জমি-জমা সংক্রান্ত বিরোধে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ কেরোয়া পুরান পাটওয়ারী বাড়ি এলাকায় বসতঘর আগুনে পুড়িয়ে দেয়ার জন্য পাকের ঘরে আগুন দেওয়ার অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের দ্রুত হস্তক্ষেপে অল্পের জন্য আগুন থেকে রক্ষা পায় বসতঘর, আসবাবপত্র ও ঘরে থাকা মানুষ। ঘটনাটি ঘটেছে গত ৬ ডিসেম্বর রাত ৭টায়।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফরিদগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া পুরান পাটওয়ারী বাড়ির মনির হোসেন পাটওয়ারী লিটনের বসতঘর পুড়িয়ে দিতে একই এলাকার প্রতিপক্ষরা পাকের ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজন আগুন দেখে ডাক-চিৎকার দিলে আশে-পাশের লোকজন পানি দিয়ে মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ বিষয়ে মনির হোসেন পাটওয়ারী লিটনের স্ত্রী খাজিদা বেগম অভিযোগ করে বলেন, জমি-জমা নিয়ে একই এলাকার সফিক পাটওয়ারীর ছেলে মো. নেছার আহমেদ, মো. কবির হোসেন, সামছল পাটওয়ারী, মহসীন, মোবারক, হুমায়ুন, আনোয়ার পাটওয়ারীর স্ত্রী কুসুম, কবির হোসেনের স্ত্রী রাশিদা, নেছার আহম্মেদের স্ত্রী সখিনা বেগম লীমার সাথে প্রায় একবছর যাবৎ মামলা-মকদ্দমা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে চলতি বছরের ২০ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ও ২৯ সেপ্টেম্বর রাত ৮টায় তাদের হাতে হামলার শিকার হয়। হামলাকারীরা সে সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাপত্র লুটপাট করে নিয়ে যায় এবং বেদম মারধর করে। উভয় ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরর পর হামলাকারীদের মধ্যে কয়েকজন হাজতবাস করে জামিনে এসেই হুমকি-ধমকি দিতে থাকে।
তিনি আরো জানান, পূর্ব শত্রুতার রেশ ধরে মো. নেছার আহমেদ, মো. কবির হোসেন, সামছল পাটওয়ারী, মহসীন, মোবারক, হুমায়ুন, কুসুম, রাশিদা ও সখিনা বেগম লীমা এরাই আমাদের আগুনে পুড়িয়ে মারতে এবং বসতবাড়ি ও আসবাবপত্র পুড়িয়ে দিয়ে এই অগ্নিকাণ্ড সংগঠিত করেছে। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।
১০ ডিসেম্বর, ২০২০।