নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে থানা পুলিশ মাদকসহ দুই সহোদরকে আটক করেছে। আটকরা হলো- মাসুম সর্দার (২৫) ও মহিন হোসেন সর্দার (২০)। তারা গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মরহুম সালামত উল্যাহ সর্দারের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে খাজুরিয়া বাজারে মাসুম ও মহিনকে সন্দেহজনকভাবে আটক করে। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটকের পর মাদক আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
২৭ জুন, ২০২১।
