ফরিদগঞ্জে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যায়যায়দিন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে
……. মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী

ফরিদগঞ্জ ব্যুরো
যায়যায়দিন পত্রিকার ১৭ বছর পদার্পণ উৎসব সোমবার (৬ জুন) ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে উপজেলা প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
তিনি বলেন, আমাদের সমাজের সকল ভালো কাজগুলোর চিত্রগুলো পত্রিকার পাতায় তুলে আনতে পারলেই সেটি সমাজের জন্য কল্যাণকর হবে। তারপরও আমার বিশ্বাস যায়যায়দিন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা অনুসন্ধ্যান, ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী সংবাদ উপস্থাপন করাই সংবাদপত্র ও সাংবাদিকদের সার্থকতা, তেমনি যায়যায়দিন পত্রিকাটি অনেকাংশেই আমাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আমান উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, দুর্নীতি কমিশন ফরিদগঞ্জের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে আলোচনা পর্ব শেষে ক্ষুদে শিক্ষার্থীরাসহ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে ফরিদগঞ্জ বাজারের পৌরসভা সম্মুখ সড়কে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করা হয়। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক নারায়ন রবি দাস, মেহেদী হাসান, জাকির হোসেন, জাহিদ হোসেন, রুহুল আমীন স্বপন, মামুন হোসাইন, এফএ মানিক, জসিম উদ্দিন ও ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন ফেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক শামীম হাসান।

০৭ জুন, ২০২২।