
শিশুদের তাদের মতো করে বেড়ে উঠতে দিতে হবে
……..ইউএনও আলী আফরোজ
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনের উদ্যোগে শিশু শিক্ষা বিষয়ে আলোচনা ও বার্ষিক দোয়ার মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়েছে।
কিন্ডারগার্টেনের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় শিশুদের ছোট বেলা থেকে নৈতিক ও বাস্তবভিত্তিক শিক্ষায় গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মবর্তা মো. আলী আফরোজ। তিনি বলেন, আমরা সবাই আমাদের শিশুদের ভাল ছাত্র হয়ে ক্লাসে প্রথম হতে হবে এই প্রতিযোগিতা করার কাজে লিপ্ত থাকি। এর কারণে শিশুদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করতে দ্বিধা বোধ করি না। কিন্তু এতে শিশুর প্রতি অবিচার করা হয়। তাকে তার মতো করে থাকতে দেই না। অতিরিক্ত চাপের ফলে শিশুরা প্রকৃত মেধাবী হতে পারছে না। তাই আমাদের প্রথম কাজ হলো শিশুদের তাদের মতো করে বেড়ে ঠতে দিতে হবে। একটি শিশুকে স্কুলে পাঠানোর একটি বড় উদ্দেশ্য হলো তার বয়সি অন্য শিশুদের সাথে সে মিশে নিজেদের মতো করে শেখার জন্য।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী কামরুল হাসান সউদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, এআরডিও কাউসার আহম্মেদ, কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মামুন হোসাইন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষার্থী শাকিল হাসান, নাঈমুল হোসেন প্রমুখ।
সভা পরিচালনা করেন তরুণ সমাজকর্মী গিয়াস উদ্দীন। পরে, কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
