ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে ৩শ’ ৫৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দসহ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি পলিথিন রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিনের নেতৃত্বে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাসেদের উপস্থতিতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকলন্দিয়া বাজারের নাঈম স্টোর থেকে ৩শ’ ৫০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল হাকিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই বাজারের আবু তাহের স্টোরের স্বত্বাধিকারী আবু তাহের পাটওয়ারীকে ৫ কেজি পলিথিন রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মান্নান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উত্তম কুমার, নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ধ্বংস করার জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
